প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াত আমির।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারো নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
সাজেকে চলমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।