প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম (ভিজিট : ১১৯)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরকালে হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় অংশগ্রহণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক চিঠিতে এ সফরসূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা করে ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে লঞ্চে করে সকাল ১০টা ৪৫ মিনিটে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বেলা পৌনে ২টায় ওয়ার্ড রুমে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৩টায় বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।
সবশেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।