প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি
দুর্নীতি ও অর্থ পাচারের মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি তাঁকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।