প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ৬৯)

সংগৃহীত ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ উদ্যোগের আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন এ ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি মনিটরে দেখতে পারবেন যাত্রীরা। এতে লাগেজ ব্যবস্থাপনার প্রতিটি ধাপ সম্পর্কে তাঁরা স্পষ্ট ধারণা পাবেন।
বেবিচক জানিয়েছে, এ উদ্যোগের ফলে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি যাত্রীরা তাঁদের লাগেজ সংগ্রহের প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বেবিচকের আশা, নতুন এ ব্যবস্থা দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন এবং লাগেজ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।