প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম (ভিজিট : ২৭)

সংগৃহীত ছবি
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও কিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সন্তানদের প্রতি যত্নশীল হওয়া তাঁদের দায়িত্ব। তবে মেয়েদের ঘরে আটকে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগও দিতে হবে।
তিনি আরও বলেন, অন্যায়ের শিকার হলে নীরব না থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কন্যাশিশুদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে মার্শাল আর্ট শেখার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু তাঁদের পরিবারের নয়, দেশের সামগ্রিক অগ্রগতিও জড়িত।