সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিতর্ক-প্রতিবাদের মধ্যে আড়ালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমার কোথায়?   গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায়ে ডিমান্ড নোটিশ জারির নির্দেশ   এনসিটি ইজারা বাতিল ও চাকরির নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বন্দরে গণ-অনশন   নারী ও শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রপতির   চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট   রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড   ইউপি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা   
জ্বালানি নিরাপত্তা ও এলএনজি সরবরাহে সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) ১৭তম সম্মেলনের সাইডলাইনে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের সহযোগিতা চাইল বাংলাদেশ

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানিবিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা চান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জবাবে সৌদি মন্ত্রী বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।

এ লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রতিনিধি বিনিময় এবং সহযোগিতার জন্য একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। তিনি ওই হামলার নিন্দা জানান। একই সঙ্গে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া কাতারএনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি সংগ্রহ এবং আমদানির উৎস ও পরিবহন রুটে বৈচিত্র্য আনার বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ

সৌদি আরবভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]