প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি
যন্তর মন্তরে যেতে বাধা দিয়ে ফিরিয়ে দেওয়ার পর মধ্য দিল্লির বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অপেক্ষা করছেন কয়েকজন বিক্ষোভকারী। তাঁদের সঙ্গে কথা বলে ক্ষোভ এবং আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথা জানা গেছে।
এক বিক্ষোভকারী বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কারণে মানুষকে কেন আটক করা হচ্ছে? তাঁরা শুধু জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে এসেছেন। প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, তাঁর মনে হচ্ছে, এখন আর সেই অধিকার তাঁদের নেই।
আরেক বিক্ষোভকারী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে তাঁরা প্রতিদিন সেখানে আসছেন। আজ তাঁদের বাধা দেওয়া হলেও আগামীকাল আবারও সেখানে আসবেন।
এর আগে বিক্ষোভ শুরুর আগেই বিমান থেকে আটক করা হয় ‘ককরোজ জনতা পার্টির (সিজেপি)’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। এ ছাড়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও তাঁর বাসা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে দিল্লিতে অবতরণের পরপরই বিমানে উঠে অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশের একটি দল। এ সময় পুলিশের বিমানে প্রবেশের দৃশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন তিনি। তাঁর সঙ্গে থাকা দলের আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকে আটক করা হয়।
অভিজিৎ দীপকের প্রকাশ করা ভিডিওতে বিমানের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন দলের সদস্যরা। যাত্রীদের বিমান থেকে নামার সুযোগ না দিয়েই কেন তাঁদের আটক করতে পুলিশ এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’