প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ৯৫)

সংগৃহীত ছবি
গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরাইল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিআইএর বিশেষ শাখা ‘রেড সেল’ প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শীর্ষক একটি গোপন মূল্যায়নে এমন আশঙ্কা উঠে এসেছে বলে সোমবার (৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মূল্যায়নে বলা হয়েছে, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনের আগে বেশ কয়েকটি সংকট একসঙ্গে জটিল আকার ধারণ করেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, ব্যাপক সামরিক ব্যয়, পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ।
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রচেষ্টাও দেশটির চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটকে আরও গভীর করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘস্থায়ী যুদ্ধ ইসরাইলি সমাজের পুরোনো বিভাজনগুলোকে আরও তীব্র করেছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে অংশ নেওয়া বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরছেন বলেও মূল্যায়নে বলা হয়েছে।
বিশেষ করে অতি-অর্থোডক্স পুরুষদের সামরিক সেবা থেকে অব্যাহতির বিষয়টি সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দেশটির প্রতি জনসমর্থন কমে যাওয়াকেও গুরুত্বপূর্ণ চাপ হিসেবে চিহ্নিত করেছে সিআইএ।
প্রতিবেদনটির মূল্যায়ন অনুযায়ী, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক চাপ একসঙ্গে ইসরাইলকে এমন এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা দেশটির রাষ্ট্রীয় কাঠামোর জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।