প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম (ভিজিট : ১০৯)

সংগৃহীত ছবি
বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্সের বিভিন্ন শহর। ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে রাজধানী প্যারিসে আন্দোলনের প্রধান কর্মসূচি তখনো শুরু হয়নি।
বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে লিঁও ও রেনে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
এ ছাড়া সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় বিক্ষোভের সময় সংঘর্ষে দুই কিশোরী আহত হয়েছে বলে বিএফএমটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার এবং অন্তত ১৯০ জন শিক্ষার্থী আহত হওয়ার পর ছাত্র সংগঠনগুলো দেশজুড়ে সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিভিন্ন শহরে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।