প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম (ভিজিট : ২৫৯)

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা থাকবে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে মণ্ডপ ও মন্দিরকেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলও জোরদার থাকবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী বক্তব্য দেন।
এ ছাড়া বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী এবং চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দিরের সম্পাদক স্বপন ঘোষসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় মোট ১৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।