প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি
পবিত্র কোরআনের শিক্ষার সংস্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসউদুল কাদির।
সোমবার (৫ অক্টোবর) সকালে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ আয়োজিত কোরআনের সবক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাসউদুল কাদির বলেন, ‘বাসায় আমরা শিশুদের ডিভাইসমুখী করে রাখি। কিন্তু স্কুলে কোরআনের সংস্পর্শে এসে প্রিয় শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। যে শিশু ডিভাইস ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, স্কুলে এসে সে ডিভাইস ব্যবহার করবে না বলে অঙ্গীকার করছে। বাসার পরিবেশকে যদি দীনিবান্ধব করা যায়, তাহলে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে আমরা আরও এগিয়ে যেতে পারব।’
তিনি বলেন, কোরআনের সবক নেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যয় নিতে হবে—কোনো অবস্থাতেই অন্যায় পথে চলা যাবে না।
নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, খুন, ধর্ষণ, গুম ও হত্যার মতো নৃশংস ঘটনার সাক্ষী আমরা। যে দেশে একটি শিশুও নিরাপদ নয়, সে দেশ কোনোভাবেই নিরাপদ হতে পারে না। যার কাছে শিশু নিরাপদ নয়, সে আলেমের পোশাক পরলেও প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারেনি।
খুন, ধর্ষণ ও বলাৎকারের মতো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম ও হাফেজ শহীদুল ইসলাম ইউসুফসহ আরও অনেকে।