| শিরোনাম: |
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। পুরো ঘটনার দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণা রানী চৌধুরী লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা এবং শিক্ষক সঞ্জিত কুমার দের সহধর্মিণী। তিনি ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে ধস্তাধস্তির একপর্যায়ে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
এ সময় শিক্ষিকার হাতে থাকা একটি ছোট ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে নগদ ৮ হাজার টাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষ্ণা রানী চৌধুরী জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির ওজন প্রায় এক ভরি দুই আনা। এর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষ্ণা রানী বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে তার কাছে আসেন। এরপর তিনি শিক্ষিকার গলার চেইন টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চেইনটি ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুটা দূরে আরেক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। পরে ওই মোটরসাইকেলে করে দুজন পালিয়ে যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে। ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।