প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম (ভিজিট : ১০৯)

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আউয়াল শফিক (৪০) নামে এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আউয়াল শফিক উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেনের ছেলে। তিনি যাদবপুরে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার কর্মস্থল যাদবপুর থেকে ইপিআইয়ের (টিকাদান) কার্যক্রম শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আউয়াল শফিক। পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দ্রুতগতির কোনো যানবাহনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে ধারণা করা হচ্ছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা সড়কে পড়ে থাকা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর কোনো একটি দ্রুতগতির যানবাহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।