
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন
মেধা, মানবিক মূল্যবোধ ও সমান সুযোগের ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, অতীতের নানা বৈষম্য ও অনিয়ম থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধকে ভিত্তি করে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত হবে। এ লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করছে।
সম্প্রতি রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, নতুন বাংলাদেশে মেধার যথাযথ মূল্যায়ন এবং যোগ্যতার ভিত্তিতে মানুষের এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করা হবে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য ব্যবসা-বাণিজ্য সহজ করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাহদী আমিন বলেন, তরুণদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা ও দেশপ্রেমের বিকাশ ঘটানো জরুরি। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের কার্যকর সমন্বয় ঘটিয়ে তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়; বরং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও নিরাপত্তা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা।
বন্যা ও দুর্যোগ পরিস্থিতির প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দাঁড়িয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনী সমন্বিতভাবে দুর্গত মানুষের জন্য খাদ্য, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি মানবিক, বৈষম্যহীন, নিরাপদ, মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।