প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম (ভিজিট : ২৭১)

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বিএনপিকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রধান।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি কখনো আপস করেননি। তার ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের কারণেই দেশের গণতান্ত্রিক রাজনীতি নতুন পথ পেয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এর পেছনে প্রধান কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি নিজের অবস্থানে অটল থেকে দলকে ধারণ করেছেন এবং নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকারকে ধারণ করতে হবে। তার ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে তিনি প্রয়াত বিএনপি নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের অন্যতম বড় অর্জন গণতন্ত্র পুনরুদ্ধার। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা এবং বিএনপির সাংগঠনিক বিকাশে তার অবদানের কথা স্মরণ করেন।