প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : ৩০)

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া সদর থানায় দায়ের করা সাইবার নিরাপত্তা মামলার ভিত্তিতে বুধবার ভোরে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি ইব্রাহীম আলী জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান করার সময় জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল দেখতে পান, গাজী সালাউদ্দিন তানভীরের ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে।
পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি পোস্টটি মুছে ফেলেন।
মামলার বাদী মাফতুন আহমেদ খান রুবেল বলেন, “উক্ত পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবমাননা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের অবগতির পর তাদের সিদ্ধান্ত অনযায়ী রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।”
ওসি ইব্রাহীম আলী বলেন, “অভিযোগ পাওয়ার পর তা এজাহার হিসেবে গ্রহণ করে মামলা নথিভুক্ত করা হয়। পরে প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।”
তাকে বগুড়ায় এনে আদালতে তোলার আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।