প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ৪২)

উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা এবং নিজেদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রওশন আরা রুবি।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহাটা উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা ও মৃত ফজলুর কাদেরের স্ত্রী রওশন আরা রুবি।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, দেবহাটা উপজেলার বালিথা ও বিল শিমুলবাড়িয়া মৌজার ‘ধাপার ঘের’-এ এসএ ও বিএস খতিয়ানভুক্ত মোট ৮ দশমিক ৩৩ একর পৈত্রিক সম্পত্তির বৈধ অংশীদার তারা। তাঁর স্বামীর মৃত্যুর পর অসহায়ত্বের সুযোগ নিয়ে চাচা শ্বশুর আবুল কাশেমের উত্তরাধিকারীদের কয়েকজন, যাদের মধ্যে আলমগীর হোসেন ও শরিফুল ইসলাম রয়েছেন, জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে ভোগদখল শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
রওশন আরা রুবি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছরের আইনি লড়াই শেষে ২০১৮ সালে আদালতের মাধ্যমে তারা পুনরায় সম্পত্তির দখল ফিরে পান এবং বর্তমানে বৈধভাবে ভোগদখলে রয়েছেন। তবে এরপরও প্রতিপক্ষ একাধিক মামলা দায়ের করে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত নিয়ে যায়। তাঁর দাবি, উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতও মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন।
তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ পুনরায় সম্পত্তি দখলের অপচেষ্টা চালানোর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।