প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম (ভিজিট : ৬১)

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ কাওছার প্রামাণিক (২৪) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চার রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাওছার প্রামাণিক আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। র্যাব জানিয়েছে, তিনি ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট রাত পৌনে তিনটার দিকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় মেসার্স হীরা মুক্তা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে কাওছারকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নেশাজাতীয় ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, কাওছার দীর্ঘদিন ধরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, র্যাবের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাওছারকে সোমবার ৩ আগস্ট দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।