প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম (ভিজিট : ২৩)

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা জামায়াত
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা জামায়াত। ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী এ গণমিছিলে অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশস্থলে এসে পৌঁছায়। গণমিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
গণমিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমির ইসহাক আলী খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণমিছিল ও সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পিরোজপুর শহরে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।