প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম (ভিজিট : ১২১)

সংগৃহীত ছবি
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ সমাজকর্মী নাইমা খন্দকার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে নাইমা খন্দকার জানান, শ্বশুর খন্দকার মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য স্বামী খন্দকার মাহবুব হোসেন তুষার বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে তাকে বিভিন্নভাবে হয়রানি, নাজেহাল ও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করা হতে পারে। প্রভাবশালী একটি মহলের ইন্ধনে দাউদকান্দির কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে গত ২০ দিন ধরে দাউদকান্দি থানা ও সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেও কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন নাইমা।
নাইমা খন্দকার জে. হুদা ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক ও সচিব। পাশাপাশি তিনি জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে নাইমা খন্দকার বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হয়েও যদি নিজের এলাকায় এমন হেনস্তা ও নিরাপত্তাহীনতার শিকার হই, তবে সাধারণ পরিবারের মেয়েদের নিরাপত্তা কোথায়?’
হুমকি ও অপপ্রচারের সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কুমিল্লা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।