প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম (ভিজিট : ১২৬)

সংগৃহীত ছবি
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোরে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং অন্যদের ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিশেষ অভিযানে যশোর সদর উপজেলা থেকে ১৭ জন, চৌগাছা থেকে ২ জন, মনিরামপুর থেকে ৩ জন, শার্শা থেকে ২ জন, অভয়নগর থেকে ৪ জন, কেশবপুর থেকে ৩ জন, বাঘারপাড়া থেকে ৪ জন, বেনাপোল থেকে ৪ জন এবং ঝিকরগাছা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত রোববার ভোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, শহরের লালদিঘি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টি প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্বে ছিলেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী শেখ শহিদ।
এ ঘটনায় সোমবার শেখ শহিদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।