প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ৪০)

সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে ফিরেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার পর মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এর মধ্যে গত ২৭ আগস্ট প্রথম দফায় নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। তবে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় বাকি সাতজনের মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়। পরে সেখানকার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
শনাক্ত হওয়া সাত শ্রমিক হলেন নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক কর্মীর পরিবারকে মরদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে। এ অর্থ দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এর আগে গত ২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে নিহত নয় শ্রমিকের মরদেহ দেশে আনা হয়। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন ছিলেন।