প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৪ এএম (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। এ সময় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত থাকতেন। পরে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় বা নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করতেন।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো `eduboardresults.gov.bd` এবং `educationboardresults.gov.bd` ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফলাফল জানার নিয়ম
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: `HSC DHA 123456 2026` লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।