প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ১৬২)

সংগৃহীত ছবি
সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করে রোডমার্চ ও লং মার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। এখন আবার রোডমার্চ ও লং মার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। দেশের মানুষ এ ধরনের কর্মসূচি পছন্দ করেন না বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, একটি রাজনৈতিক দলের কাজ সারা জীবন শুধু মিছিল-মিটিং করা নয়। নেতাকর্মীদের দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি ও ধর্মীয় কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে।
দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ মাদক বা অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, সে যত শক্তিশালীই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য সবার সহযোগিতায় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।