প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম (ভিজিট : ৭২)

সংগৃহীত ছবি
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিসোর্টের রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পর্যটকেরা বিপাকে পড়েন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কাঠের তৈরি টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট নয়টি কক্ষ ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে অবস্থান করছিলেন ১৬ জন পর্যটক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
প্রাথমিকভাবে জানা যায়, রিসোর্ট থেকে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হন। তবে অন্যদের অবস্থান সম্পর্কে শুরুতে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।