প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : ৯৮)

সংগৃহীত ছবি
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার। তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ তৈরির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ক্ষেত্রে অতীতে যেসব ঘাটতি ছিল, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।
প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও তাঁদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সমাজকল্যাণমন্ত্রীকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।