প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নিজের একসময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কলেজটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। নিজের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?”
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলনে অংশ নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।
রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এতে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দু’টি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।”