
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত সাতদিন ব্যাপী ’১৩তম জাতীয় গাইড ক্যাম্প, ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত সাত দিনব্যাপী কর্মসূচির ১৩তম জাতীয় গাইড ক্যাম্প- ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য - "সবুজ পৃথিবী - সুন্দর আগামী "।
১৩ তম গার্ল গাইডসএর সাতদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে - ৩ অক্টোবর কালিয়াকৈরের বাড়ইপাড়াস্থ এসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় আগমন, ৪ অক্টোবর সকালে উদ্বোধনী অনুষ্ঠান, ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫:০০ টায় সমাপনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনের (ভূমি) শামসুন নাহার শিলা, কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি সার্জন ডাঃ মাহমুদ নিলয়।
এছাড়াও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদসহ জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও দশটি অঞ্চল (রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনিসংহ অঞ্চল) হতে প্রায় ৬০০ জন গাইড, গাইড গাইডার, কমিশনারবৃন্দ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেইনার তিথি - দে।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ সরকারের ৩১ নং আইন বলে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মেয়েদের জন্য শিক্ষাশ্রয়ী প্রতিষ্ঠান রূপে স্বীকৃত। সরকার অনুমোদিত গঠন ও বিধির আওতায় এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠ্যসূচির সম্পূরক শিক্ষা হিসেবে গার্ল গাইডের শিক্ষা কর্মসূচি অন্তর্ভূক্ত আছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মেয়ে শিশু, কিশোরী ও যুবানারীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাশ্রয়ী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
উল্লেখ্য, গাইড হচ্ছে স্কুলে অধ্যয়নরত কিশোরীদের নিয়ে গঠিত গাইডিং এর দ্বিতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম। ক্যাম্প বা তাঁবু বাস হলো প্রকৃতির মাঝে গাইডদের সুপ্ত প্রতিভা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশের একটি কর্মোদ্যোগ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।