প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হোপ মার্কেট এলাকার ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান শুরু করে সিটি করপোরেশন। মার্কেটের সামনের ফুটপাতের দোকান সরানোর সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকাররা সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় সেটি লক্ষ্য করে হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে দুটি ইউনিট প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।