প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ৯৫)

সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মী এক হয়ে গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা ভবনটি ঘিরে ফেলেন।
পরবর্তীতে খবর পেয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। বেলা ৪টার দিকে পুলিশ একে একে অভিযুক্তদের হাতকড়া পরিয়ে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।