প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম (ভিজিট : ৮৩)

সংগৃহীত ছবি
মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার' গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, ভবনের দুই পাশের টিনশেড ও বিভিন্ন অংশ যেভাবে ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে, তাতে স্পষ্ট যে এটি বেশ সময় নিয়ে ঘটানো হয়েছে—যা আধা ঘণ্টা বা এক ঘণ্টায় সম্ভব নয়।
তিনি জানান, গভীর রাতে ঘটা এ ধরনের অপরাধ প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। খবর পেয়ে পুলিশ কত দ্রুত সেখানে পৌঁছেছিল বা তাদের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতেই এডিসি দারুস সালামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় জড়িতদের আইনি পদক্ষেপের বিষয়ে কমিশনার বলেন, ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে নামীয় একজন ছাড়াও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে।
রাজধানীতে যেকোনো ধরনের দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমাদের বার্তা একদম স্পষ্ট। অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আইনবহির্ভূত কাজে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।