| শিরোনাম: |

রাজনৈতিক সম্মেলন মানেই কেতাদুরস্ত আয়োজনে গুরুগম্ভীর আলোচনা। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারত সফরে যোগ করলেন ভিন্ন মাত্রা।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নয়া দিল্লিতে এক নৈশভোজে বলিউডের একটি কালজয়ী গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলনে যোগ দেন মালয়েশিয়ার নেতা। সেখানে আয়োজিত এক নৈশভোজে তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া তিন দেবিয়াঁ সিনেমার বিখ্যাত গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গেয়ে শোনান।
শচীন দেব বর্মণের সুরে মাজরুহ সুলতানপুরীর লেখা এই রোমান্টিক গানটি যখন আনোয়ার ইব্রাহিম গাইছিলেন, তার সঙ্গে পিয়ানো বাজাচ্ছিলেন একজন শিল্পী। আর পুরো অনুষ্ঠানে সবার মনোযোগ চলে যায় আনোয়ার ইব্রাহিমের দিকে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি মালয় ভাষায় লিখেছেন, “গুরু, আমি কি একটু গাইতে পারি?”
ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রশংসায় ভাসতে থাকেন তিনি।
মন্তব্যের ঘরে একজন লেখেন, "স্যার, আপনি সত্যিই খুব ভালো গেয়েছেন। আশা করি ভারতে আপনার সময়টা দারুণ কেটেছে।"
আরেকজনের মন্তব্য, "ইয়েমেন থেকে মালয়েশিয়া–এই দেশটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। প্রতিটি স্মৃতি, প্রতিটি সুযোগ এবং প্রতিটি সুন্দর মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ মালয়েশিয়া।"
আরেক প্রবাসী ভারতীয় লিখেছেন, "বাহ, জানতাম না আনোয়ার সাহেব এত সুমধুর গান গাইতে পারেন... দারুণ লেগেছে। মালয়েশিয়া থেকে এক প্রবাসী ভারতীয়র অনেক ভালোবাসা।"