প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম (ভিজিট : ৮১)

দিনাজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন এমপি। তিনি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, সংসদ সদস্য মনজুরুল ইসলাম এবং এ.জেড.এম. রেজওয়ানুল হক এমপি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল ও পুলিশ সুপার জেদান আল মুসা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান, পরিবহন মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগারওয়ালা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাসসিরুল মাজেদ, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন।
চেক বিতরণ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে মোট ১৪ লাখ টাকা এবং নিহত ৬৫ জনের পরিবারের মাঝে মোট ৩ কোটি ২৫ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সব মিলিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর আলম সিদ্দিকী।