প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম (ভিজিট : ৭৬)

সংগৃহীত ছবি
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, রোববার রাতে জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটিগুলোর কারিগরি ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছিল এমন আশঙ্কা থেকেই ওই হামলা চালানো হয়।
জবাবে ইরান জর্ডানে মার্কিন সামরিক অবস্থানগুলোতে হামলা চালায়। তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক মাসের বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।