প্রকাশ: রোববার, ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম (ভিজিট : ১৭৭৫)

সার্জিক্যাল অপারেশনে বা অপারেশন পরবর্তী ব্যথা, বিশেষ করে সন্তান প্রসবে ব্যথা উপশমকারী ইনজেকশন হিসেবে প্যাথেডিন বহুল ব্যবহৃত হয়ে আসছে। এই ব্যথানাশক প্যাথেড্রিন নিয়ে যুগের পর যুগ ধরে চলছে কালোবাজারী।
বাংলাদেশ গণস্বাস্থ্যের প্রস্তুতকৃত প্রতিটি জি-প্যাথেড্রিনের গায়ে সর্ব্বোচ্চ বিক্রয় মূল্য ২৪ দমমিক ৯৬ টাকা লেখা থাকলেও রংপুরে তা কিনতে হয় ১৮০ টাকা থেকে ২০০ টাকায়। এর কোনো যৌক্তিক কারণ দর্শাতে পারেননি বিক্রেতারা। কোন কোন বিক্রেতার মতে এক শ্রেণির যুবক প্যাথেড্রিনকে নেশা হিসেবে বেছে নেওয়ায় এর চাহিদা বৃদ্ধি পায় আর এই সুযোগে এই অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন বিক্রেতারা।
শহরের মেডিকেল মোড়ের এক ওষুধ দোকানদার জানান, ৯০ এর দশকে নেশা হিসেবে প্যাথেড্রিন জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ভারতীয় কফ সিরাপ ফেনসিডিল ও হেরোইন প্যাথেড্রিনের জায়গা দখল করে নেওয়ায় নেশা হিসেবে প্যাথেড্রিন আসক্তের সংখ্যা কমলেও দুই যুগে দাম কমেনি এতটুকু। ফলে সাধারণ মানুষকে গুণে যেতেই হচ্ছে এই অতিরিক্ত অর্থ।
রংপুর জেলা ক্যমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির তথ্য মতে, গণস্বাস্থ্য’র জি-প্যাথেড্রিন উত্তোলন-বিক্রয়-বিপণনের জন্য নারকোটিস বিভাগের সনদপত্র বা লাইসেন্স প্রযোজন হয়। রংপুরে এরকম লাইসেন্সেধারীর সংখ্যা ২৮টি তার মধ্যে ওষুধ বিক্রেতা ও ক্লিনিক মালিকগণ আছেন। লাইসেন্সের অনুকূলে প্রতি বছর ৪০০ থেকে ১৫০০ পিস পর্যন্ত গণস্বাস্থ্য’র জি-প্যাথেড্রিন উত্তোলন করা যায়। রংপুরে সম্পা মেডিকেল, স্বপন ফার্মেসি, খন্দকার ফার্মেসি, দিনাজপুর ফার্মেসি, সিটি ফার্মেসি, সোহেল ফার্মেসি ছাড়াও ২২টি প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে বলে জানা গেছে। প্রতিবছর ১০০০ টাকা ফি’র মাধ্যমে এইসব লাইসেন্স রিনিউ করতে হয়।
প্রতিষ্ঠিত ক্লিনিকের জনৈক পরিচালক জানান, লাইসেন্সধারীদের সরকারি নিয়ম মোতাবেক রেজিস্ট্রার মেনটেইন করার নিয়ম থাকলেও তারা তা মানেন না। কেউ কেউ নিজস্ব দোকানে কিছু ইনজেকশন খুচরা বিক্রয় করে আর বেশীরভাগই উচ্চ মূল্যে পাইকারী দরে বাজারে বিক্রয় করে দেন। খুচরা দোকানদাররা প্রান্তিক পর্যায়ে ভোক্তাদের কাছে অধিক উচ্চহারে প্যাথেড্রিন বিক্রয় করেন। জনৈক রোগীর আত্মীয় অভিযোগ করেন বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে থাকলেও অজ্ঞাত কারণে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কখনো দেখা যায় না।