প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে গুরুতর আহত তৌফিক হোসেন (২২) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার গাজীপুরের বাংলাবাজার এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেন তৌফিক। ওই দিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে তৌফিকসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তৌফিক গাজীপুর মহানগরীর সদর থানার বাংলাবাজার বাহাদুরপুর এলাকার সাগর মার্কেটসংলগ্ন খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকতেন। তিনি লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং বিভাগে জুনিয়র লে-ম্যান পদে কর্মরত ছিলেন।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে। তিনি স্থানীয় ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল।
এদিকে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাবাজার এলাকায় এক পোশাকশ্রমিক আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।