প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম (ভিজিট : ১০১)

সংগৃহীত ছবি
সূর্যের আলোকে দেশের সম্পদে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশকে আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ আমদানিতে বড় ধরনের বিঘ্ন ঘটে। এতে বাংলাদেশ বিদ্যুৎ সংকটের মুখে পড়ে। এ নির্ভরতা কাটিয়ে উঠতে আগামী এক বছরের মধ্যে ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে না।
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী দিনের বেলা অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।