প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম (ভিজিট : ১৬৩)

সংগৃহীত ছবি
দ্বীনের দাওয়াত প্রচার, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে চাঁদপুরের মেঘনা নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন দোকানঘর এলাকায় তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইজতেমায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ইজতেমা সফল করতে প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি আগের রাতেই সম্পন্ন করা হয়। মুসল্লিদের অবস্থানের ব্যবস্থা, ওজুখানা, টয়লেটসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনের এই আয়োজনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামারা কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতি বয়ান পেশ করবেন। পাশাপাশি জিকির-আযকার, দ্বীনের সঠিক শিক্ষা ও ঈমানি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের আশা, সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (২৪ অক্টোবর) বিশেষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের চাঁদপুর জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হবে।