প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম (ভিজিট : ২৪)

সংগৃহীত ছবি
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে মাত্র ৩০ দিনে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।
কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী মসজিদে নববীর রওজা শরিফে নামাজ আদায় করেছেন। এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্রের সুবিধা গ্রহণ করেছেন।
দর্শনার্থীদের ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে এ সময়ে ৮১ হাজার ২৪৩ জন মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেন। পাশাপাশি মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন অতিথি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীকে উন্নত সেবা দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এসব পরিসংখ্যান। তাঁদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং মসজিদে নববীতে শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করার সুযোগ আরও সহজ করতে বিভিন্ন সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।