
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামী শেখ হাসিনার সঙ্গে থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ক্ষমতার স্বার্থে বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মন পড়ে থাকে আওয়ামী লীগের দিকে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে দেশের মানুষ চেনে। দলটি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াত নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেনি। অথচ যারা বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ তুলছেন, তাঁরাই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি। জামায়াতের গণতান্ত্রিক চেতনা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তাঁর মতে, জনগণ এখনো দলটিকে সন্দেহের চোখে দেখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী বিষয়ক সহসম্পাদক জাহানারা সিদ্দিকী। এ সময় বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তরুণ ও কিশোরদের উদ্বুদ্ধ করতেও কাজ করছে সংগঠনটি।
রিজভী জানান, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবকল্যাণ ও মানবসেবা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব, হামসহ বিভিন্ন সংকট এবং উত্তরাঞ্চল ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার সময় সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সহায়তাসহ নানা মানবিক উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন। দুর্ঘটনা বা অন্য কারণে পা হারানো ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে চলাফেরার সুযোগ করে দেওয়ার মতো কার্যক্রমও পরিচালনা করেছে সংগঠনটি।
ভবিষ্যতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের মানুষ এর মাধ্যমে আরও কার্যকর সেবা পাবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।