প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো এক দিনের ঘটনা নয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফল হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় জীবনের জন্য দিকনির্দেশনা দেয়। রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস দেশের মানুষের স্মৃতিতে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে। সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি। শুধু জুলাই মাসে বা বার্ষিক আয়োজনে স্মরণ করার মধ্যেই এ অধ্যায়কে সীমাবদ্ধ রাখা উচিত নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। এর কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইন ও বিধিবিধানসংক্রান্ত। তিনি এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চান, যেটিকে কেউ সংস্কার হিসেবে বিবেচনা করতে পারেন।
এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী দল সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছে না।
আগামীর বাংলাদেশ গঠনে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। শহীদদের আকাঙ্ক্ষাগুলোও সেই পরিকল্পনার অংশ বলে জানান তিনি।