প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য আদান-প্রদান ও বিচারিক প্রক্রিয়ায় কোনো ঘাটতি ছিল কি না, তা জানতে সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। সংবাদমাধ্যমের প্রতিবেদন সঠিক হলে এ ক্ষেত্রে তথ্য আদান-প্রদান ও প্রক্রিয়াগত কোনো ত্রুটি রয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযুক্তদের বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সংশ্লিষ্ট অপরাধের বিচার সৌদি আরবের আইন অনুযায়ী হওয়ার কথা। অপরাধ সংঘটিত হয়ে থাকলে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হলে বিষয়টি অত্যন্ত গুরুতর। পবিত্র স্থান, যেখানে মানুষ ধর্মীয় উদ্দেশ্যে যান, সেখানে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো সঠিক বলে ধরে নিলে তথ্য আদান-প্রদান ও প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও ঘাটতি থাকার বিষয়টি সামনে আসে। এ কারণেই বাংলাদেশ সৌদি আরবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
তিনি আরও বলেন, সৌদি আরবে অপরাধের বিচার ও শাস্তির জন্য দেশটির নিজস্ব আইন রয়েছে। সেখানে যাওয়া ব্যক্তিদেরও দেশটির আইন সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তবে এ ঘটনায় তথ্য, যোগাযোগ ও প্রক্রিয়াগত পর্যায়ে যে ঘাটতির বিষয়টি উঠে এসেছে, তা স্পষ্ট করতে সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।