বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত   ডিজিটাল ফরেনসিক জটে থমকে হাজারো মামলার তদন্ত   যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ   ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিল সরকার   মেসি যুগের অবসান, ফুটবলের ইতিহাসে থেকে যাবে এক কিংবদন্তির নাম   ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী   আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা হারমানপ্রীতের   
যুক্তরাজ্যে আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ১০৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উন্নত জীবনের প্রত্যাশায় যুক্তরাজ্যে পাড়ি জমানো বাংলাদেশি স্টুডেন্ট ও কেয়ারকর্মীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সী তরুণীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গুরুতর আইনি জটিলতায় পড়ছেন। অনলাইনে বয়স ও পরিচয় গোপন করে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন প্রকৃতির কথোপকথন কিংবা পরে সরাসরি দেখা করতে গিয়ে গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি গ্রেপ্তারের ভিডিও প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

প্রকাশ্যে আসা বিভিন্ন ঘটনায় দেখা গেছে, অনলাইনে যোগাযোগের পর অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে দেখা করতে গিয়ে সংশ্লিষ্টরা তাদের পরিবারের সদস্যদের হাতে আটক হয়েছেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

যুক্তরাজ্যে যৌন অপরাধসংক্রান্ত আইন কঠোর। ইংল্যান্ড ও ওয়েলসে যৌন সম্মতির সাধারণ বয়স ১৬ বছর হলেও এর অর্থ এই নয় যে ১৬ বছরের কম বয়সীদের সঙ্গে যৌন যোগাযোগ বা যৌন উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন বৈধ। অনলাইনে পরিচয় গোপন করে শিশু-কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ৪৮ বছর বয়সী রুহেল মিয়া স্ন্যাপচ্যাটে ১৫ বছর বয়সী কিশোরের পরিচয় ব্যবহার করে তিন কিশোরীর সঙ্গে যোগাযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হন। আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই ধরনের ঘটনায় গ্রেটার ম্যানচেস্টারে কিরখান নামের এক ব্যক্তি ভুয়া পরিচয়ে ১৩ থেকে ১৭ বছর বয়সী তরুণীদের সঙ্গে যোগাযোগের ৩০টি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ১০ বছরের কারাদণ্ড পান।

ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ও ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিলের (এনপিসিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিশু যৌন নিপীড়নসংক্রান্ত অভিযোগের সংখ্যা প্রায় এক লাখে পৌঁছায়। এসব অপরাধ দমনে দেশটির পুলিশ প্রতি মাসে প্রায় এক হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করছে এবং প্রায় ১ হাজার ২০০ শিশুকে সুরক্ষামূলক হেফাজতে নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য।

সিপিএসের নির্দেশনা অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী কোনো ব্যক্তি ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে যৌন প্রকৃতির যোগাযোগ স্থাপন করলে তা ফৌজদারি অপরাধ হতে পারে। সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট ২০০৩-এর সেকশন ১৫(এ)-তেও এ ধরনের আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু সরাসরি শারীরিক সম্পর্ক নয়, যৌন উদ্দেশ্যে অনলাইনে যোগাযোগ কিংবা অপ্রাপ্তবয়স্ক কারও সঙ্গে দেখা করার পরিকল্পনাও আইনি ঝুঁকি তৈরি করতে পারে।

আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের পাশাপাশি বিদেশি নাগরিকদের অভিবাসন মর্যাদাতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। অপরাধের ধরন ও সাজার ওপর নির্ভর করে ভিসা বা কাজের অনুমতি বাতিল এবং ভবিষ্যতে যুক্তরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মতো পরিণতিও হতে পারে।

বিদেশে নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে যাওয়া অনেক তরুণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অসতর্ক আচরণ গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। একটি অভিযোগ থেকেই ফৌজদারি মামলা, গ্রেপ্তার, চাকরি হারানো ও মানসিক চাপের পাশাপাশি অভিবাসনসংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]