প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ১২২)

সংগৃহীত ছবি
২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান প্রজন্ম পুরোপুরি মানবিক হতে না পারলেও আগামী প্রজন্মকে অবশ্যই মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধও গড়ে তুলতে হবে। শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি, পশু-পাখির প্রতিও তাদের সহানুভূতিশীল হতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাদের মধ্যে বোধশক্তি ও মানবিকতা তৈরি হয়।
তিনি বলেন, শিশুদের খেলাধুলার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। কেউ গান গাইতে চাইলে গান গাইবে, কেউ বাঁশি বাজাতে চাইলে বাঁশি বাজাবে। নিজের গিটার শেখার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিনি গিটার বাজানো শুরু করলেও শেষ করতে পারেননি। তাই শিশুরা যেন নিজেদের ইচ্ছা ও প্রতিভা বিকশিত করতে পারে, সেই সুযোগ দিতে হবে।
তারেক রহমান বলেন, শিশুরা সঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
তিনি জানান, প্রথমবারের মতো দেশে ২২ লাখ ছেলে-মেয়ে ফুটবল খেলায় অংশ নিয়েছে। এদের মধ্য থেকেই ভবিষ্যতে ভালো খেলোয়াড় উঠে আসবে। সংস্কৃতির পাশাপাশি শিশুদের খেলাধুলায়ও উৎসাহিত করা হবে।
শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাড়ি, স্কুল ও আশপাশের এলাকার গাছপালার যত্ন নিতে হবে। পশু-পাখির প্রতিও সদয় হতে হবে। প্রকৃতি ও প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ একটি মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।