প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম (ভিজিট : ১১৮)

সংগৃহীত ছবি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে জাপান সফরের প্রস্তুতি চলছে।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। আলোচনায় বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প এবং উন্নয়ন সহযোগিতার বিষয় গুরুত্ব পেতে পারে।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাপান সফর। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় জাপানের পক্ষ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু ওই আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন।
চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।