প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি
দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে তাঁর বাসভবনে পৌঁছান।
ফেনী সফরে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করেন। একই সঙ্গে খাল ও নদী খনন এবং বাঁধ নির্মাণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থারও উদ্বোধন করেন তিনি।
পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান করা হয়। এরপর সেখানে এক জনসভায় ভাষণ দেন তিনি।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ফেনীতে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।