প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় শক্তিশালী জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত হচ্ছে এ কংগ্রেস। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী।
বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শক্তিশালী জাতীয় পদক্ষেপের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকর করার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজন করে।
বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।