
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, আইন লঙ্ঘন কিংবা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করবে। সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে কোনো ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, ‘যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে। সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মাহদী আমিন বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান ও বক্তব্য সুদৃঢ়ভাবে তুলে ধরেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তাকে সাদরে গ্রহণ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তার মতে, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি ইঙ্গিত।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। পাশাপাশি জাতিসংঘে দেওয়া বক্তব্যে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে রোববার সকাল ৮টা ২১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।