প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:৫৪ এএম (ভিজিট : ৩৩)

ব্যক্তিগত অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত করার অপেক্ষায় লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক এখন হাতছোঁয়া দূরত্বে এক বিশ্বরেকর্ডের। আর একটি গোলে সহায়তা করলেই এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের ইতিহাস গড়বেন এ ফুটবল জাদুকর।
বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি ও আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিশ্বমঞ্চে এখন এ দুই প্রজন্মের দুই মহানায়কের নাম একই বিন্দুতে দাঁড়িয়ে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি ৮টি অ্যাসিস্ট করেছেন। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলে মেসি এ মাইলফলক স্পর্শ করেছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনাও তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮টি অ্যাসিস্ট করেছিলেন।
আধুনিক ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী সংস্থা ‘অপটার’ হিসাব অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের অ্যাসিস্টের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত আছে। সেই আধুনিক যুগের রেকর্ড বইয়ে বর্তমানে মেসি ও ম্যারাডোনা সমান অবস্থানে।
যদিও জার্মানির ফ্রিটজ ওয়াল্টার ১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপে মোট ৯টি অ্যাসিস্ট করেছিলেন বলে তথ্য রয়েছে, তবে আধুনিক ও সুসংগঠিত রেকর্ডিং শুরুর (১৯৬৬) আগের হওয়ায় সেটি নিয়ে বিতর্ক ও মতভেদ রয়েছে। তাই বর্তমান ফুটবল বিশ্বে মেসি ও ম্যারাডোনাই যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছেন।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই বিশ্বকাপেই তিনি ৩টি অ্যাসিস্ট করে নিজের পরিসংখ্যানকে সমৃদ্ধ করেন। ২০২৬ বিশ্বকাপের তার সামনে সুযোগ রয়েছে ম্যারাডোনাকে ছাপিয়ে নতুন ইতিহাস গড়ার। কাল আলেজিয়ার বিপক্ষে নিজের নাম সবার ওপরে লেখানোর সুযোগ মেসির।