মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মাদক প্রতিরোধে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত   আমার বেড়ে উঠা, আমার বড় হওয়া   সেপ্টেম্বর-অক্টোবর হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল   লন্ডনে হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজন আটক   ইসরায়েলি মন্ত্রী: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নই   বাংলাদেশে তৈরি জার্সি গায়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে   আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে জোর গুঞ্জন, প্রকাশ পেল সম্ভাব্য তারিখ   
দিনে দুটি ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার, সমালোচনায় ফিফা সভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩১)

প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ ছাড়া কেবল যুক্তরাষ্ট্রে একই দিনে একাধিক ম্যাচ দেখতে ভ্রমণক্লান্তির মতো বিষয় সামলাতে হবে যে কাউকে। সে কারণে মাঠে বসে দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

গত ১১ জুন দিবাগত রাতে বিশ্বকাপের পর্দা উঠেছিল মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একইদিন রাতে ইনফান্তিনো উড়ে যান আরেক শহর গুয়াদালাহারাতে। সেখানে দেখেছেন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ। অথচ মেক্সিকোর এই দুই শহরের দূরত্ব ২৮৫ মাইল, যা উড়োজাহাজে পাড়ি দিতে সময় লাগে এক ঘণ্টার কিছু বেশি।

পরদিন (১২ জুন) অবশ্য ইনফান্তিনো শুধু যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচটি দেখেছেন। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ‍যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র পাশে দেখা যায় ফিফা সভাপতিকে। এরপর শনিবার (১৩ জুন) দুটি ম্যাচ দেখেন ইনফান্তিনো। বিকেলে সানফ্রান্সিসকোতে কাতার-সুইজারল্যান্ড (১-১) ম্যাচ দেখার পর তিনি রাতের ম্যাচের জন্য উড়ে যান কানাডার ভ্যাঙ্কুভারে, সেখানে অস্ট্রেলিয়া হারায় তুরস্ককে।

গত রোববার মায়ামির রিটজ-কার্লটন দক্ষিণ সৈকতে ফিফা সামিট অনুষ্ঠিত হয়। সেখানকার বৈঠক ও আয়োজন সেরে সোমবার বিকেলে ইনফান্তিনো গিয়েছেন সিয়াটলে। সেখানে বেলজিয়াম ও মিশর মুখোমুখি (১-১) হয়। পরে রাতে লস অ্যাঞ্জেলেসে ফিরে গিয়ে সাক্ষী হয়েছেন ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচের। রোমাঞ্চকর ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে।

যদিও বিশ্বকাপের আয়োজক চুক্তিতে উল্লেখ রয়েছে দলগুলো চার্টার বিমানে ভ্রমণ করবে। একই সুবিধা দেওয়া হয় ফিফা কাউন্সিলের সদস্য, শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এবং নির্বাহী অতিথিদেরও। তবে ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগ সাধারণত রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে। এর খরচ বহন করে আয়োজক কমিটিগুলো। ইনফান্তিনোকেও এই সুবিধা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ফিফার এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, ফিফা কর্মকর্তাদের বিমান ও ভ্রমণ সংক্রান্ত নিয়মের একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। ফিফা সভাপতি নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক ও টুর্নামেন্ট-সংক্রান্ত কাজে ভ্রমণ করেন এবং সুযোগ পেলেই ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলো পরিদর্শনের চেষ্টা করেন। কখনও কখনও ভ্রমণের জন্য বাণিজ্যিক (কম খরচের বিমানসহ) এয়ারলাইন ব্যবহার করা হয়, আবার কখনও পরিস্থিতি অনুযায়ী দক্ষ ও ব্যয়সাশ্রয়ী হলে ব্যক্তিগত চার্টার বিমান ব্যবহার করা হয়। ফিফাই ভ্রমণ ব্যয় বহন করে।’

পরিচয় গোপন রাখার শর্তে ফিফার কয়েকটি সূত্র জানিয়েছে, সংস্থার সভাপতি হিসেবে ইনফান্তিনোর যত বেশি সম্ভব ম্যাচে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপ তিনটি দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হওয়ায় আকাশপথে ভ্রমণই তার জন্য সবচেয়ে দ্রুত ও কার্যকর মাধ্যম।

তবে জেট ব্যবহারে পরিবেশ দূষণের কথা উল্লেখ করে ফিফা সভাপতির সমালোচনা করেছেন গ্রিনপিস ইউএসএ-এর প্রোগ্রাম ডিরেক্টর জন হোসেভার, ‘এই বিশ্বকাপে খেলোয়াড় ও দর্শকদের জন্য চরম গরম আবহাওয়া ইতোমধ্যেই একটি সমস্যা। এ সময়ে কর্মকর্তাদের প্রতিদিন অত্যন্ত দূষণকারী ব্যক্তিগত জেটে ভ্রমণ করা বার্তা দেয় না যে, ফিফা জলবায়ু পরিবর্তনের কারণ বা এর সমাধানের অংশ হিসেবে নিজেদের দায় স্বীকার করছে।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]